logo

সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন
মুফতি আবু তাহের মিসবাহের হাতে হাতপাখা তুলে দিচ্ছেন চরমোনাই পীর। শুক্রবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে। ছবি: মিডিয়া সেল সৌজন্যে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মুফতি আবু তাহের মিসবাহের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, মুফতি আবু তাহের মিসবাহ আপনাদের এই সিলেটের কৃতি সন্তান। শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর পূণ্যভূমিতে তার মতো একজন যোগ্য উত্তরসূরী নগর উন্নয়নের জন্য সবচেয়ে অগ্রাধিকার।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে এতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা, জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরী প্রমুখ।

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের হাজি আব্দুল মালিকের ছেলে মুফতি আবু তাহের মিসবাহ। পড়াশোনার হাতেখড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সিলেট মদনমোহন কলেজ থেকে বিএসএস অর্নাস, সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফাজিল ও ফিকাহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী, ইউনিয়ন ও উপজেলায় বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি ক্রমান্বয়ে সিলেট মহানগর সভাপতি, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।