logo

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না : মির্জা ফখরুল

বিপদে ফেলে পালিয়ে যাওয়া নেতা আমরা চাই না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আওয়ামী লীগকে সমর্থন করে নৌকায় ভোট দিত তাদের বিপদে ফেলে চলে গেছে শেখ হাসিনা। যারা নিজেদের লোককে বিপদে ফেলে পালিয়ে যায় এ রকম নেতা আমরা চাই না।

তিনি বলেন, জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। এবার নতুন মার্কা এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল। তারাই সরকার গঠন করতে চায়।  

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি বাজার এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে দেশের মানুষ মতপ্রকাশের সুযোগ পায়নি। মানুষ ভোটের কথা বললেই মামলা দিয়ে জেলে দেওয়া হতো। মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।

বিএনপির এই নেতা বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যবসা করি না।  বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কৃষিভিত্তিক শিল্পায়ন করা হবে। কারণ উত্তর অঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি পিছিয়ে। লুটপাটের নামে কৃষিব্যবস্থাকে পিছিয়ে রাখা হয়েছে। 

বিএনপির এই নেতা শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, পরীক্ষা দিয়ে শুধু বিএ পাস করলেই হবে না। টেকনিক্যাল ট্রেনিং নিয়ে বিদেশে চাকরির জন্য তৈরি হতে হবে।

নির্বাচনি জনসভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিফলেট বিতরণসহ দেশ ও এলাকার সার্বিক উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। এদিন আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন তিনি।