logo

বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাদিক কায়েম

বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাদিক কায়েম
সাদিক কায়েম। ছবি: সাদিক কায়েমের ফেসবুক পেজ থেকে

অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ডাকসু ভিসি আবু সাদিক কায়েম।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এমন মন্তব্য করেন।

সরকারের কাছে ক্রসফায়ারের অনুমতি চেয়ে আইজিপির দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডাকসু ভিপি বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় পুলিশ এখনও ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি।

সাদিক কায়েম বলেন, পুলিশের কাজ অপরাধী ধরা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। সেই পথ বন্ধ করে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার অর্থ হলো একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন আরম্ভ করা।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের ছোট্ট মেয়ের কান্নাজড়িত কণ্ঠে বলা, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে!’ এই কথা আমরা ভুলিনি। আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয়, এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই এ দেশে জুলাই বিপ্লব হয়েছিল। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগই আমরা সফল হতে দেব না, ইনশাআল্লাহ।