জোটের গণজোয়ার দেখে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ

জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেন ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর ভাটারা থানা এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। ১০ দল ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। ভোটকেন্দ্র দখল বা ভয় দেখিয়ে মানুষকে সরানোর চেষ্টা করলে ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে।
এনসিপির আহ্বায়ক বলেন, ক্ষমতায় আসলে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ শুধুমাত্রা সরকার পরিবর্তনের জন্য রক্ত দেয়নি। বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে।
নাহিদ বলেন, ১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
এদিন সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় শাপলাকলির পক্ষে ভোট চাইতে যান নাহিদ ইসলাম। এ ছাড়া রামপুরা উত্তর ও দক্ষিণে নির্বাচনি প্রচার চালানোর কথা রয়েছে তার।