‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিতের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামে এই কর্মসূচি আগামী ৭ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হবে। দেশের উত্তর প্রান্ত থেকে শুরু হওয়া এ পদযাত্রা শেষ হবে দক্ষিণের সীমান্তবর্তী এলাকা টেকনাফের জিরো পয়েন্টে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে; শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, গণভোটে দেয়া গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার করা।
কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে অগ্রসর হবে ‘মার্চ ফর ইনসাফ’। আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করার কথা রয়েছে। সেখানে কর্মসূচির একটি পর্ব শেষ করে পদযাত্রাটি দেশের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে।
আয়োজকদের ভাষ্য, ৩৬ দিনের এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলে পদযাত্রার পাশাপাশি পথসভা ও সমাবেশ করা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা এতে সঞ্চালনা করেন। সভায় ‘মার্চ ফর ইনসাফ’-এর রূপরেখা ও বিভিন্ন ধাপ তুলে ধরেন আয়োজকেরা।
সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
