নগর উন্নয়নে তরুণদের মতামত নেওয়া হবে: সেলিম উদ্দিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনায় তরুণদের সরাসরি সম্পৃক্ত করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী থেকে মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, প্রতি মাসে টাউন হল মিটিংয়ের মাধ্যমে তরুণদের মতামত নেওয়া হবে এবং যাদের পরিকল্পনা বাস্তবসম্মত ও কার্যকর হবে, তাদের নগর উন্নয়নের কাজে যুক্ত করা হবে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, তরুণদের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ঢাকা গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে ‘নাগরিকবা ডট নেট’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন।
তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা কুইক রেসপন্স টিমের সহায়তা, অ্যাম্বুলেন্স সেবা, ফিজিওথেরাপি এবং বাসাবাড়ির এসি বা কম্পিউটার মেরামতের মতো কারিগরি সেবাও পাচ্ছেন। পাশাপাশি তরুণরা যাতে বিপথগামী বা মাদকাসক্ত না হয়, সে জন্য তাদের জন্য মেন্টরশিপের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিনা সুদে ঋণ প্রদানের জন্য ‘করজে হাসানা ফান্ড’ গঠন করা হবে। তার মতে, তরুণরা শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং ব্যবস্থার পরিবর্তন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ প্রত্যাশা করে।
.png)





