logo

পরাজয় নিশ্চিত জেনে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি : নাহিদ ইসলাম

পরাজয় নিশ্চিত জেনে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি : নাহিদ ইসলাম

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি এখন সহিংসতা ও অস্থিতিশীলতার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের অন্তর্গত ফকিরাপুলে দলটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আজ হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়। এ সময় তার ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আঘাত আসে, তাহলে পাল্টা আঘাত দেওয়া হবে। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা এই ধরনের পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তা-ই করব।

এ সময় জামায়াতে ইসলামীর নারীকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও পুলিশের নীরবতার সুযোগে একটি বিশেষ দল ও জোট আচরণবিধি লঙ্ঘন করে সুবিধা নিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে।

তিনি বলেন, আপনারা (বিএনপি) সমালোচনা সইতে পারছেন না। নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে— কে বেয়াদব আর কে গ্যাংস্টার।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।