বাংলাদেশ খেলাফত মজলিস /মাদ্রাসাছাত্রদের ওপর হামলা পরাজিত ফ্যাসিবাদের প্রতিশোধমূলক অপচেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে উচ্চশব্দে গানবাজনাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ ঘটনাকে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা আখ্যায়িত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৯ আগষ্ট) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়, পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ বা সাউন্ড কমানোর অনুরোধ জানাতে সেখানে গিয়েছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করেছে। এতে কিশোর ও শিশু শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন।
পুলিশের এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
তার মতে, পুলিশ প্রশাসনের ভেতরে বিগত ফ্যাসিবাদী শাসনের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনও সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
তার দাবি, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ লাইনের ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জালালুদ্দীন আহমদ আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



