Advertisement

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বৈঠকে বসছে বিএনপি

এশিয়া পোস্ট ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বৈঠকে বসছে বিএনপি
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই আলোচনার প্রধান বিষয় হতে পারে। এ জন্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে প্রার্থী করা হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।

যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউ এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশে রাজি হননি। তবে দলীয়ভাবে বেশি আলোচিত হচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা, রাজনৈতিক সংকটের সময় দলের হাল ধরে রাখা এবং দলের বাইরেও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তিনি এগিয়ে আছেন বলে অনেকের ধারণা।

এ ছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য তালিকায় আছে বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

একাধিক নেতার ভাষ্য, রাষ্ট্রপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়ার পক্ষে সবাই। এর বাইরে অন্য কেউ গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্রপতি পদে যিনি বসবেন, তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভালো সম্পর্ক থাকতে হবে। আমলা অথবা অন্য কারও পক্ষে এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয় বলে অনেকে মনে করেন।

বিএনপি সূত্রগুলো জানায়, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এ প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হতে যাচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ ও জল্পনা-কল্পনা।