logo

একটি দল কার্ড ও ফ্ল্যাটের লোভ দেখাচ্ছে : জামায়াত আমির

একটি দল কার্ড ও ফ্ল্যাটের লোভ দেখাচ্ছে : জামায়াত আমির

১০ টাকা কেজিতে চাল দেওয়ার মতো একটি দল এখন কার্ড আর ফ্ল্যাট দেখিয়ে মানুষকে লোভ ও বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণা চালাতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কার্ড ও ফ্ল্যাট দেখিয়ে চোরাপথে জনগণের ভোটের বৈধ অধিকার এবং পাওয়ারকে প্রভাবিত করাকে আমরা ঘৃণা করি। আমরা মানুষকে কেনার চিন্তা করি না, তাদের জীবনের প্রতি সম্মান দেখাই। 

তিনি বলেন, জনগণের ভোটে আমরা সরকার গঠনের সুযোগ পেলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং জনগণের সম্পদ দিয়ে ইনসাফভিত্তিক ‍উন্নয়ন এবং সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করব।

এ সময় নির্বাচনি প্রচারণায় জনগণের প্রত্যাশা ও বাস্তবতার কথা তুলে ধরার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে দেশ চোরাবালিতে হারিয়ে গেছে, এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। 

তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতি পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট প্রয়োজন।

এদিকে, উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

এ ছাড়া পরদিন শনিবার সকালে রংপুরে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তার কবর জিয়ারত করবেন জামায়াত আমির। এরপর সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে, দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন।

উত্তরাঞ্চলের দুই দিনের নির্বাচনি প্রচারণা শেষে ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব কর্মসূচি শেষে পরবর্তীতে কর্মসূচির বিষয়ে স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে।