দেশ সবার, আমরা শুধু পাহারাদার: জামায়াত আমির

এশিয়া পোস্ট নিউজ
দেশ সবার, আমরা শুধু পাহারাদার: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ শুধু সরকার বা বিরোধী দলের নয়, সব মানুষের। রাজনৈতিক নেতাদের দায়িত্ব জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা।

Advertisement

বুধবার (১ জুলাই) সকালে ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে নাগরিক সমাবেশ, মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশ শুধু সরকারের না, শুধু বিরোধী দলেরও না। দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার- এর বেশি কিছু নই। আপনাদের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে চাই।

বিরোধীদলীয় নেতা নগরীর সড়ক দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, রাস্তা ব্যবসার জন্য নয়, মানুষের চলাচলের জন্য। তাই সড়কগুলো দখলমুক্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ কাজে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, শহরে সমস্যা তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলের মানুষ এখনো বেশি ভোগান্তিতে রয়েছেন। এক দিনে এর সমাধান সম্ভব নয়। সরকার আন্তরিকভাবে কাজ করলে এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ভালো দেশ গড়তে সরকার ও বিরোধী দল, সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা একে অপরকে সহযোগিতা করলে দেশ এগিয়ে যাবে।

নিজের রাজনৈতিক দায়িত্বের কথাও তুলে ধরেন জামায়াত প্রধান। তিনি বলেন, বিরোধী দলের নেতা হিসেবে সারাদেশের নানা দায়িত্ব পালনের কারণে প্রতিদিন সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। তবে সুযোগ পেলেই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন।

সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের ওপর নির্ভর না করে পরিবারকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, পুলিশ একা সব সমস্যার সমাধান করতে পারবে না। কিশোর অপরাধ, মাদকসহ নানা সামাজিক সমস্যা মোকাবিলায় অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে- সেদিকে পরিবারের নজর রাখতে হবে।

পুলিশের প্রতি নেতিবাচক মনোভাব না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমিত জনবল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সব সমস্যা একা সামাল দিতে পারে না। তাই সচেতন সমাজ গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে, ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।