logo

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেসকো

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেসকো

পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেসকোর প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণ নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে আগামী জুনের মধ্যেই তারা প্রশিক্ষণ শুরু করতে চান।

বুধবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতীয় সংসদে তার অফিসকক্ষে সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায়, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেসকোর সহযোগিতায় প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ প্রদান করেন। তিনি এতে পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত অফিসারদের অন্তর্ভুক্ত করা হলে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া প্রশিক্ষণ কর্মসূচিটি শনিবার অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের জন্য সুবিধাজনক হবে বলে মতপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সুসান ভাইজ জানান, মিডিয়ার সাংবাদিকদের জন্য অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে ইউনেসকো।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইউনেসকো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

বৈঠকে ইউনেসকো প্রতিনিধিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।