logo
Advertisement

‘৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নেই’

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
‘৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নেই’
লংমার্চ কর্মসূচির সমাবেশে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: এশিয়া পোস্ট

দেড়শো টাকার লাঞ্চের গল্প আর মাত্র ৫০ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ ছাড়া গত ৬ মাসে বর্তমান বিএনপি সরকারের উল্লেখ করার মতো কোনো সাফল্য নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির প্রাক্কালে সূচনা সমাবেশের বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা।

সরকারের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করে ক্ষমতায় আসা রাজনৈতিক দলটির বর্তমান কর্মকাণ্ডে দেশবাসী ইতোমধ্যে চরম হতাশ হতে শুরু করেছে।

প্রশ্ন তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, যারা গণভোটের রায়কে উপেক্ষা করে, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি ভেঙে তা বৃদ্ধি করে এবং দলীয়করণ করবে না বলেও ব্যাপকহারে দলীয়করণে মেতে ওঠে জনগণ তাদের কীভাবে বিশ্বাস করবে?

তিনি আরও বলেন, বিএনপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ এখন চরম আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলের যাতনায় ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে গালিগালাজ করতেও দ্বিধা করছে না। এ সময় তিনি জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের পুরোনো রাজনীতি ও গালিগালাজের সংস্কৃতি দুই-ই অবিলম্বে পরিহার করার জন্য আহ্বান জানান।

সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম খালিদ হোসেন, আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, প্রচার কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।