logo

ফাঁসির আদেশ নিয়ে হাসিনার জন্য সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে: দুলু

ফাঁসির আদেশ নিয়ে হাসিনার জন্য সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে: দুলু
ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির আদেশ নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে ‘উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে।

Advertisement

বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যার নির্দেশে ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, দেশের মাটিতে তার বিচার হতেই হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট ও বাংলাবান্ধাসহ দেশের বিভিন্ন সীমান্তে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ লাখো মানুষ ফাঁসির আদেশ নিয়ে তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করবে। জেলখানার ভেতরে নয়, বরং ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে প্রকাশ্যে বিচারের দাবিও জানান তিনি।

গত ১৫ বছরে নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুসহ তার ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ তুলে দুলু বলেন, ২০০৮ সালের নির্বাচনে তাকে আটকে রাখা হয়েছিল এবং তার স্ত্রীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও তিনি শর্ত মেনে ক্ষমতা নিতে রাজি হননি।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, দীর্ঘ ২০-২২ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

দুলু আরও বলেন, ওই নির্বাচনে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসিয়েছে এবং জামায়াতে ইসলামীও ৭৭টি আসন পেয়ে তাদের রেকর্ড ভেঙেছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি। এসব ব্যবসার আয় ও ভাড়ার টাকা প্রতি মাসে ভারতে যাচ্ছে। তা দিয়ে দেশে ককটেল-বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুলু বলেন, প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং ঢাকার যানজটসহ নাগরিক সমস্যা সমাধানের জন্য। এই কাজ বাধাগ্রস্ত করতেই নতুন করে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আব্দুল ওহাব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্বাস আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলু, জিসাস কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি একে এম রকিবুল ইসলাম রিপন।

আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, কামরুজ্জামান নয়ন, রোমান সরদার, আক্তারুজ্জামান বাবু, নুরজাহান হাপ্পী, মুমিনুর রশিদ সাইন, জাহাঙ্গীর মানিক সরকার, মোয়াজ্জেম হোসেন মিজান, হৃদয় সরকার, জুবায়দুল ইসলাম হীরা, আব্দুল মালেক সুমন, মাহাবুব মিয়া, কাজী আরিফসহ উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।