নির্বাচনে বড় ধরনের কারচুপির নীলনকশা হচ্ছে : ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন ও বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীলনকশা করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় সকাল থেকে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হন। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
ব্যালট পেপার নিয়ে শঙ্কা এবং নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে ইসি সচিবালয় ঘেরাও করেছে ছাত্রদল।
দলটির সভাপতি অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে।
তিনি বলেন, আমরা লক্ষ করছি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধ বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজস্ব ‘সেটআপ’ ছাড়া তারা নির্বাচন করতে ভয় পায়। তাদের জামায়াতপন্থি ভিসি, প্রক্টর এবং নিজস্ব ওএমআর মেশিনের সেটআপ ব্যতীত তারা কোথাও নির্বাচন করতে পারে না। শাবিপ্রবিতে পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করা এর বড় প্রমাণ।
ছাত্রদল সভাপতি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে তারা ভালো ফলাফল করছে। কিন্তু এই অগ্রযাত্রাকে রুখে দিতে এবং জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করতেই কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে তারা সন্দেহ প্রকাশ করেন।