জনগণের হাতে লালকার্ড আছে: সরকারকে মামুনুল হক

গণভোটের রায় বানচালের চেষ্টা করলে সরকারকে জনগণ লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আয়োজিত পথসভায় এ মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, হাসিনাকে জনগণ ছক্কা পিটিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব, আপনিও যদি একই পথে হাঁটেন, আপনার মুখপাত্রকে দিয়ে যদি বারবার গণভোটকে অবৈধ প্রমাণের অপচেষ্টা করে যান, আপনার অবস্থাও ভিন্ন কিছু হবে না।
তিনি বলেন, আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন। এর মাধ্যমে যদি গণভোটের রায়কে বানচাল করতে চান, মনে রাখবেন—জনগণের হাতে লালকার্ড আছে।
এর আগে সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।



