এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দুই সদস্যকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত দুইটি পৃথক চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন—আহমেদুর রহমান তনু ও আসাদুল ইসলাম মুকুল।
দলীয় সূত্রে জানা গেছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত দুই নেতাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে।
গত ২৮ জানুয়ারি কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলকে দেওয়া চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা সশরীরে আগামী তিন কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে বলা হয়।
অন্যদিকে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দেওয়া চিঠিতেও একই অভিযোগ আনা হয়েছে। তাকে তার পদের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির দপ্তর সেল থেকে জানানো হয়েছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।