জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট গ্রহণ করবে না: শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে দলটির পরাজিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শিশির মনির লিখেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।
এর আগে, নির্বাচনের আগে ঢাকায় এক জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কোনো এমপি-মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, কোনো এমপি-মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না। এমপি-মন্ত্রী তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন।
উল্লেখ্য, নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।