জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতের মহিলা বিভাগ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মহিলা বিভাগের ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়— অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।
এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ৩১ জানুয়ারি মহিলা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেছিলেন, জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথমবারের মতো নারী সংগঠনের নেতাকর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনি মাঠ থেকে নারীদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হামলা ও হেনস্তা করা হচ্ছে।