বাম দলগুলোর বিভক্তিতে তরুণদের আস্থা কমেছে: প্রিন্স
-9a26fc.jpg)
বাম দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও বারবার ভাঙনের কারণে তরুণ সমাজ এবং সাধারণ মানুষের কাছে বামপন্থার প্রতি আস্থা কমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, দীর্ঘদিন চলমান এই বিভক্তি বাম আন্দোলনের শক্তিকে দুর্বল করেছে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, বাম সংগঠনগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এবং ‘পিউরিস্টিক অ্যাটিটিউড’ বা নিজেদের অবস্থানকে একমাত্র সঠিক মনে করার প্রবণতার কারণে বারবার ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি তরুণদের মধ্যেও বামপন্থার প্রতি আস্থা কমেছে।
তিনি জানান, সিপিবির মধ্যে ১৯৯৩ সালে একটি বড় পরিবর্তন এলেও দলটি এখনও ঐক্যবদ্ধ রয়েছে। তবে অন্যান্য বাম দলের মধ্যে নেতৃত্বের সংকট এবং বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত প্রশ্নে একমত হতে না পারার কারণে বিভক্তি তৈরি হয়েছে।
প্রিন্স বলেন, রাতারাতি সব কমিউনিস্ট দলের ঐক্য সম্ভব নয়। তবে বিভিন্ন ইস্যু ও কর্মসূচিকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে। বাম গণতান্ত্রিক জোটের মাধ্যমে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, বিভিন্ন শ্রেণি সংগঠন ও সাধারণ মানুষের মধ্যেও বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। বাম রাজনীতিকে শক্তিশালী করতে কর্মসূচিভিত্তিক ঐক্য এবং যৌথ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
.png)

