সরকারের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না

সরকারের অদক্ষতা ও ব্যর্থতার দায়ভার জনগণের ওপর চাপানো যাবে না বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম উত্তাপ ছড়াচ্ছে। এখন যদি বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়, তাহলে নিত্যপণ্যের বাজারে দাবানল ছড়িয়ে পড়বে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের স্বার্থে এটা হতে দেওয়া যাবে না।
জ্বালানি সংকট এখন একটি বৈশ্বিক ইস্যু জানিয়ে তিনি বলেন, সংকটের সঙ্গে সরকারের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং পরিকল্পনাও দায়ী। সাম্প্রতিক সময়ে ইরান পাঁচটি জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি পারাপারের অনুমোদন দিলেও আমলাদের ব্যর্থতায় দেখা গেল চারটি জাহাজের অস্তিত্বই নেই।
সরকারের এসব অদক্ষতা ও ব্যর্থতার দায়ভার জনগণের ওপরে চাপানো যাবে না বলে সতর্ক করেন আতাউর রহমান।
দেশে আর্থিক সংকট দেখা দিলেই এর বোঝা জনগণের ওপর চাপানোর প্রবণতা দেখা যায়, বলছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র।
তিনি বলেন, জনগণকে ব্যয় সংকোচন করতে বাধ্য করা হয়। কিন্তু সরকারের ব্যয় সংকোচনে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
সকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ব্যয় সংকুচিত করুন। অপ্রয়োজনীয় খরচ কর্তন করুন। কূটনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠুন। এরপর বিদ্যুতের দাম বৃদ্ধির চিন্তা করা যাবে।