logo
Advertisement

সাত দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী

এশিয়া পোস্ট নিউজ
সাত দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

চলমান গ্যাস সংকট আগামী সাত দিনের মধ্যেই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সংকট নিরসনে সরকার বসে নেই। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

রিজভী বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট দেখা দিয়েছে, সেটিকে শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে বৈশ্বিক পরিস্থিতিরও সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের জ্বালানি ব্যবস্থার ওপরও পড়েছে। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

সব সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার এবং দল একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

তার ভাষ্য, দেশের সামনে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে একে একে মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।