logo

মুক্তিযুদ্ধে ও চব্বিশে যাদের অবদান আছে, তাদের নিয়ে বসুন: জামায়াত আমির

মুক্তিযুদ্ধে ও চব্বিশে যাদের অবদান আছে, তাদের নিয়ে বসুন: জামায়াত আমির

দেশের এই কঠিন সময়ে সংসদের বাহিরে যেসব দল আছে, যাদের মুক্তিযুদ্ধে ও চব্বিশে অবদান আছে—তাদের নিয়ে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি মিলনায়তনে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। 

জামায়াত আমির বলেন, জাতীয় জীবনে কঠিন সময় এসেছে। উদারতা দেখিয়ে আমাদের ডেপুটি স্পিকার লাগবে না, উদার হয়ে জাতীয় সমস্যায় এক জায়গায় বসেন। এই বসা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের বাইরে অনেক দল আছে দেশের জন্য যাদের অবদান আছে। মুক্তিযুদ্ধে এবং চব্বিশের বিপ্লবেও তাদের অবদান আছে। তাদের সবাইকে নিয়ে বসে কথা ও পরামর্শ শুনুন। ডিসিশন তো আপনারাই নেবেন। তবে তাদের কথাগুলো শুনলে জাতি ও  আপনারাও উপকৃত হবেন।

তিনি বলেন, সারা বিশ্বে এখন জ্বালানি সংকট, কিন্তু সরকারের এক মন্ত্রী বলেছেন, আমরা জ্বালানিতে সমৃদ্ধ। কোনো কিছুর অভাব নেই। তাহলে পাম্পের সামনে সারি সারি লাইন কেন? 

জামায়াত আমির বলেন, পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম, বিকল্প ব্যবস্থা নিন। আজ বলব, খোলামনে সবাইকে নিয়ে বসেন। আমরা প্রস্তুত সব দিকে সহযোগিতা করতে। যতটুকু সম্ভব সহযোগিতা করব। সরকারকে সহযোগিতা করতে চাই বলেই জ্বালানি সংকটের পরও রাজপথে নেমে আসিনি।

তিনি বলেন, অযোগ্য লোকদের হাতে ক্ষমতা যাওয়ার কারণে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। স্বাধীনতার এত বছর পরও আমরা দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কবল থেকে বেরিয়ে আসতে পারিনি। 

শফিকুর রহমান বলেন, পারস্পারিক হানাহানির রাজনীতি এখনও বন্ধ হয়নি। নিজ দলের মানুষও খুন হচ্ছে। ফ্যাসিবাদ বিদায় নেয়নি, গর্তের মধ্যে আত্মগোপনে ছিল। এই ফ্যাসিবাদ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে ফ্যাসিবাদ দেশবাসী রুখে দেবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার গণভোটের রায় বাস্তবায়নে অনীহা প্রকাশ করছে। জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবে বাস্তবায়ন না হলে রাজপথে সমাধান হবে।