logo

টেকসই বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

টেকসই বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি
বক্তব্য রাখছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

টেকসই বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেছেন, ‘ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার সম্মুখসারির কারিগর হতে হবে।’

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ নেই, গবেষণাগার নেই। নেই পর্যাপ্ত ইকুইপমেন্ট। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল সেক্টরের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও নেই।’

কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান শিবির সভাপতি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব, ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, এলজিইডি এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি।