প্রেসক্লাব থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

বিএনপি মিডিয়া সেলের সদস্য ও জাতীয় দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দৈনিক দিনকালের সাবেক বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলী মাহমুদ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানা পুলিশ জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ম্যাসিভ স্ট্রোকে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে সাংবাদিক আলী মামুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তার এই আকস্মিক মৃত্যুতে বিএনপি মিডিয়া সেল গভীরভাবে শোকাহত।