logo

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: চরমোনাই পীর

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: চরমোনাই পীর
বৃহস্পতিবার নোয়াখালীর মাইজদিতে এক সভায় কথা বলেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

কাঙ্ক্ষিত সংস্কার এবং দেশের কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, স্বাধীনতার প্রত্যাশা পূরণে অতীতের সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতায় এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষিতেই চব্বিশে গণ-অভ্যুত্থান হয়েছিল। একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। দেশকে নতুন করে গঠন করার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে।

বৃহস্পতিবার (১৪ মে) নোয়াখালীর মাইজদি বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় জানিয়ে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দ্রব্যমূল্য বেড়েই চলছে। জনজীবন অতিষ্ঠ হয়ে আছে। হামে শতশত শিশু মারা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ সংস্কারে নেওয়া অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে মন্তব্য করে সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাইয়ের প্রত্যাশা ছিল জনদুর্ভোগ দূর করা এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ। সেই লক্ষ্যে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, জনপ্রত্যাশা পূরণে আমাদের অঙ্গীকার পূরণে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের সংগ্রামে নেতৃত্ব দিতে হবে।