আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হবে বিএনপির: হান্নান মাসউদ

আওয়ামী লীগের চেয়েও বিএনপির পরিণতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদ। তিনি বলেছেন, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিলে বর্তমান সরকারকে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন হান্নান মাসুদ।
হান্নান মাসউদ বলেন, ‘গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় এখন বাংলার মানুষের মলমূত্র ত্যাগের স্থানে পরিণত হয়েছে। আমরা এই উদাহরণ দিয়ে বর্তমান সরকারকেও বলছি, আপনারা দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালে, দেশের মানুষের বিপরীতে অবস্থান নিলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো হবে না।’
তিনি বলেন, ‘আপনারা চারিত্রিকভাবে প্রত্যেকেই বারবার এ দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। এ দেশের মানুষ যোগ্য বিকল্প পায়নি বলে আপনাদেরকে বারবার ক্ষমতায় নিয়ে এসেছে। ক্ষমতায় আসার পরে আপনাদের যেই গরম, আপনাদের যেই ক্ষমতা এতে খুবই আশ্চর্য হই। তখন আপনাদের এই দম্ভোক্তি এই গরম কোথায় ছিল?’
মাসউদ বলেন, ‘যখন বালির ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে গুলশানের ফিরোজাবাসায় ৯০ দিন আটক করে রেখেছিল, আপনাদের সব নেতা মিলে একটা বালির ট্রাক সরাতে পারেন নাই। আপনারা এখন অনেক দম্ভোক্তি দেখিয়েছেন, আপনাদের কত দম্ভোক্তি আর কত গরম সেটা জানি।’
এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা তারাই যারা ‘আমার নেত্রী আমার মা’ স্লোগান দিতে দিতে শেখ হাসিনার কারাগারে বেগম খালেদা জিয়াকে পৌঁছে দিয়েছেন। টানা পাঁচ বছরে বেগম খালেদা জিয়া জেলের ভেতরে ধুকে ধুকে মরেছে, বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে পারেননি। আপনাদের এই নেতৃত্ব, এত বড় সংগঠন, এত বড় বড় নেতারা একদিনের জন্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড় একটা প্রোগ্রাম পর্যন্ত করতে পারেননি, শেখ হাসিনাকে একদিনের জন্য চাপে ফেলতে পারেননি।’