দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হওয়া ইতিবাচক। তবে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন করার সুযোগও বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল। এই রায় বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে, ইনশাআল্লাহ।
এই রায়ের প্রেক্ষাপট তৈরির দিকে গুরুত্ব দিতে হবে জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নব্বইয়ের দশকে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন হয়েছিল, তা দেশের বিদ্যমান সাংবিধানিক সুবিধার সুযোগ নিয়েই পতিত ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্ববধায়ক সরকারও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ-চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনও বিদ্যমান।
তার দাবি, দলীয় স্বার্থ-চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।




