ক্ষমতাসীনদের স্থানীয় পলিটিক্যাল টাউটরা সবকিছুর নিয়ন্ত্রণ চায়: আকবর হোসেন

বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকে, স্থানীয় পর্যায়ে তাদের ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক সুবিধাভোগীরা সমাজের প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আকবর হোসেন।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন আলাপন-এ তিনি এসব কথা বলেন।
আকবর হোসেন বলেন, তারা স্কুল কন্ট্রোল করতে চায়, মাদ্রাসা কন্ট্রোল করতে চায়, বাজার কন্ট্রোল করতে চায়, এমনকি রাস্তা পর্যন্ত কন্ট্রোল করতে চায়। তারা মনে করে সব অধিকার তাদের।
তিনি বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ক্ষমতাসীনদের ঘিরে এক ধরনের প্রভাবশালী ভাবমূর্তি তৈরি হয়। অনেকেই তাদের অতিরিক্ত ক্ষমতাবান মনে করে এবং বিভিন্ন বিষয়ে তাদের সম্পৃক্ত করার চেষ্টা করে।
তার ভাষায়, আপনাকে এমনভাবে উপস্থাপন করা হবে যেন আপনাকে ছাড়া কিছুই হচ্ছে না, যদিও হয়তো আপনি নিজেও সেটা চান না।
আকবর হোসেন বলেন, কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের সংস্কৃতি বিস্তৃত। আর সেখান থেকেই নানা ধরনের সামাজিক ও প্রশাসনিক সমস্যার সূত্রপাত হয়।
