logo

কওমি ঘরানার সাত রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ

কওমি ঘরানার সাত রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ
হেফাজতে ইসলাম ও ইসলামি সাত দলের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ধারার ইসলামি সাত দলের ঐক্যের খসড়া চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটির বৈঠক বসছে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর)।

রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় আজ সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিটির আহ্বায়ক হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং হেফাজতের আরও দুই নেতাসহ প্রতিটি দল থেকে তিনজন করে সদস্য এতে উপস্থিত থাকবেন। বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। পরবর্তীতে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।

ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

সাত দলের ঐক্যের জন্য গত ১৬ জুলাই বাবুনগর মাদ্রাসায় হেফাজত সংশ্লিষ্ট সাতটি দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভা শেষে জানানো হয়, ভবিষ্যতে একসঙ্গে চলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। এক মাসের মধ্যে ঐক্যের রূপরেখা জমা দিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে বলা হয়। এরপর কওমি অঙ্গনে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়। পরে দলগুলো ঐক্যের রূপরেখা জমা দেয়।

দলগুলোর ঐক্যের খসড়া পর্যালোচনা করে দেখা গেছে, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সাত দলের ঐক্য চায় ইসলামী আন্দোলন। জাতীয় ও স্থানীয় নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেওয়াসহ অন্য রাজনৈতিক পক্ষের সঙ্গে আলাদা সমঝোতা না করতে আগ্রহী দলটি। রাজনৈতিক ও নির্বাচনকেন্দ্রিক সিদ্ধান্তে প্রতিটি দলের নিজস্ব পছন্দ ও মতকেই প্রাধান্য দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। ১১ দলীয় জোটেই থেকেই সাত দলের সঙ্গে ঐক্য করতে চায় দলটি। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে মাঠে সক্রিয় থাকার কথাও আছে দলটির প্রস্তাবনায়।

আহলে সুন্নত ওয়াল জামাতের নীতি ও আদর্শের ওপর দৃঢ় থাকাকেই জোর দিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি চান, একটি বিশেষ ফোরামের মাধ্যমে ঐক্যের কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নেও দলগুলোর ঐক্য চাইছে খেলাফত মজলিস। আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদাকে ঐক্যের মূল ভিত্তি রাখার প্রস্তাব দিয়েছে ইসলামী ঐক্যজোট। দলটির মতে, এর ওপরই ভিত্তি করে জোটে দলগুলোর থাকা না থাকা নির্ভর করবে। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন চায়, নতুন জোটের তত্ত্বাবধায়ক হোক হেফাজতে ইসলাম। সাত দল পরিচালনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে মজলিসে শুরা গঠন করার প্রস্তাবনা দিয়েছে দলটি। তারাও চায়, সাত দলের কেউ অন্য কোনো রাজনৈতিক জোটে না থাকুক। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি প্রস্তাবনায় জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে মাঠে সক্রিয় থাকার কথা জানিয়েছে।

দলগুলোর ঐক্যের খসড়া নিয়ে গত ১৫ আগস্ট রাজধানীর মাখজানুল উলুম মাদ্রাসায় আরেকটি বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বৈঠক হয়। সেখানে হেফাজত আমির, মহাসচিবসহ সাতটি দল থেকে প্রতিটি দলের পাঁচজন করে প্রতিনিধি অংশ নেয়। সে বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ঐক্যের ফর্মুলা পেশ করা হয়। উপদেষ্টা কমিটি, মসজিসে শুরা গঠনসহ ঐক্য নিয়ে কিছু শর্ত দেওয়া হয়। অধিকাংশ দল শর্তগুলোর বিষয়ে আপত্তি জানালে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।