logo

পুলিশি হয়রানির অভিযোগ ডাকসুর খান জসিমের, ভিপি সাদিকের প্রতিবাদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পুলিশি হয়রানির অভিযোগ ডাকসুর খান জসিমের, ভিপি সাদিকের প্রতিবাদ
খান জসিম ও সাদিক কায়েম। ছবি: কোলাজ

প্রাথমিক সহকারী শিক্ষক পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া চাকরিপ্রার্থীদের অনশন কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে পুলিশের অশালীন আচরণ, মোবাইল ফোন তল্লাশি ও গ্রেপ্তারের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ডাকসুর আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খান জসিম। জুলাই অভ্যুত্থানে এক চোখ হারানো এ ছাত্রনেতার ওপর পুলিশের এমন আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

রোববার (৪ অক্টোবর) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে গেলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

খান জসিমের অভিযোগ, মিরপুর থানার ওসি হাফিজুর রহমান পরিচয় জানার পরও তার প্রতি চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন। আন্দোলনকারীদের ‘উসকানি’ দেওয়ার অভিযোগ তুলে তাকে নানাভাবে জেরা করা হয় এবং জোরপূর্বক তার ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোন চেক করা হয়। জসিম জুলাইয়ে চোখ হারানোর বিষয়টি জানালে ওসি তাকে ‘কালো শক্তি’ বলে আখ্যা দেন এবং অনতিবিলম্বে স্থান ত্যাগ না করলে গ্রেপ্তারের হুমকি দেন।

এ বিষয়ে জানতে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমানকে একাধিক ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। মিরপুর মডেল থানার ডিউটি অফিসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারা অল্প কিছু লোক সেখানে জড় হয়েছিলেন।’

তার নাম পরিচয় জানতে চাইলে তিনি তা না বলেই ফন কেটে দেন।

এ ঘটনার পর এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বিবৃতিতে তিনি বলেন, ‘যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে সংহতি জানাতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধির সঙ্গে পুলিশের এমন ন্যক্কারজনক আচরণে আমি স্তম্ভিত। পুলিশের এ ভাষা, ঔদ্ধত্য ও দমনমূলক আচরণ হাসিনাশাসনের আমলের প্রতিচ্ছবি।’

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের একটি অংশ রাজনৈতিক ক্যাডারের মতো ভূমিকা পালন করছেন এবং বিএনপি সরকার হাসিনাকে অনুসরণ করে দমনমূলক পুলিশি রাষ্ট্রের পথ বেছে নিচ্ছে। জুলাইয়ে জীবনবাজি রাখা ছাত্র-জনতা কোনো অবস্থাতেই এ জাতীয় আচরণ মেনে নেবে না।’

ডাকসু ভিপি অনতিবিলম্বে নিয়োগবঞ্চিত প্রার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং মিরপুর থানার ওসির অসদাচরণের সুষ্ঠু তদন্তপূর্বক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।