ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার আসিফ মাহমুদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রচারের সূচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর উন্নয়নের পাশাপাশি ঢাকার ঐতিহাসিক পরিচয় ও ঐতিহ্য পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ প্রচারের জানান দেন।
পোস্টে তিনি লেখেন, অনেকেই ঢাকাকে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনের আদলে গড়ে তোলার কথা বলেন। তবে ঢাকা নিজেই এমন একটি নগর, যা বিশ্বের অনেক খ্যাতনামা শহরের চেয়েও পুরোনো এবং ঐতিহ্যে সমৃদ্ধ।
তিনি লিখেছেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে যথাযথভাবে তুলে ধরতে না পারা দেশের নীতিনির্ধারকদের দীর্ঘদিনের ব্যর্থতা।
তার ভাষ্য, এক সময় ঢাকা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণকেন্দ্র এবং উর্বর বদ্বীপভূমির একটি সমৃদ্ধ নগর।
আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজধানীকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার পাশাপাশি বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঢাকাকে পূর্ণ মর্যাদায় উপস্থাপন করতে চান তিনি।
আসিফ মাহমুদের এই বার্তায় নগর উন্নয়নের প্রচলিত ধারণার বাইরে গিয়ে ঢাকার ঐতিহাসিক পরিচয়, সংস্কৃতি ও নগর-ঐতিহ্যকে নির্বাচনী আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার প্রশ্নটিও তাঁর প্রচারণার অন্যতম প্রতিপাদ্য হিসেবে সামনে এসেছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পক্ষ থেকে নগর ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা ও নাগরিক সেবার পাশাপাশি রাজধানীর পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন রাজনৈতিক বার্তা সামনে আসছে। সেই ধারাবাহিকতায় ঢাকার হারানো গৌরব পুনরুদ্ধারের বিষয়টিকে প্রচারণার সূচনাতেই গুরুত্ব দিলেন আসিফ মাহমুদ।
.png)






-8dc2f2.jpg)