logo

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াত আমিরের

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াত আমিরের
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী নাম ঘোষণা করেছেন দলটির আমির শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয়, সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন।’

ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে…ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সে ঢাকা দক্ষিণকেও ইনশা আল্লাহ সে রকমই মনের মতো করে সাজাবে।’

রোববার থেকে আগামী শনিবার পর্যন্ত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর মগবাজারের মধুবাগ পার্কে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা থাকলেও বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। সরকারি উদ্যোগে টিকা আনার ব্যবস্থা না থাকলে বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সরকার নিজেও আনবে না, বাজারও খুলে দেবে না। আর যদি তারা আনেও, তাহলে ঘাটে ঘাটে কমিশন বসিয়ে জনগণের পয়সা চুরি করবে।’

ডেঙ্গু পরিস্থিতিকে মহামারি হিসেবে দেখছে জামায়াত উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দুর্যোগের সময়ে দলটি বসে থাকবে না। জনগণকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার জন্য সপ্তাহব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

শফিকুর রহমান বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ, তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখা প্রবাসী ভাইবোনদের পক্ষে কথা বলেছেন। আর সেই অপরাধেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে জ্যাকেট পরিয়ে অপমান করা হয়েছে।

জামায়াতে ইসলামী এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বলে জানান তিনি।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বক্তব্য দেন। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।