রাষ্ট্রপতিকে সরিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আপনারা যার যার জায়গা থেকে সোচ্চার হবেন; এটি কোনো দল-মতের বিষয় নয়। সংস্কার সবার জন্য প্রযোজ্য।
বুধবার (১১ মার্চ) রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, আমরা দল-মত নির্বিশেষে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছি। সুতরাং এই সংসদকে কার্যকর করা আমাদের অন্যতম দায়িত্ব। সন্ত্রাসমুক্ত দেশ গড়তে আমরা সংসদে যাচ্ছি। রংপুর বিভাগে আমাদের শাপলা কলির চার প্রার্থী ছিলেন। এখান থেকে আপনারা রংপুরের সন্তান নাগরিক পার্টির সেক্রেটারি আক্তার হোসেনকে বিজয়ী করেছেন। কুড়িগ্রাম থেকে আতিক মুজাহিদকে বিজয়ী করেছেন। সারজিস আলম এবং ড. আহাদকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। এত ষড়যন্ত্র-কারচুপির পরও রংপুর অঞ্চলে ১১ দল বিজয়ী হয়েছে। শাপলা কলি বিজয় অর্জন করেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের হাতে আমরা শাপলা কলি তুলে দিতে পারব। এই রংপুর সিটি করপোরেশনে শাপলা কলি নির্বাচন করবে, বিজয় লাভ করবে এবং স্থানীয় সরকার নির্বাচনেও আপনাদের জন্য চমক অপেক্ষা করবে। আমরা সময় মতো সেটা আপনাদের কাছে উপস্থাপন করব।
নাহিদ ইসলাম বলেন, আগামীকাল ১২ মার্চ পুরো বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী অপেক্ষা করে আছে নতুন সংসদ অধিবেশনের জন্য। হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন, এই গণভোট, এই নতুন সরকার ও সংসদ গঠিত হয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের দাবি সংস্কারের দাবি, সংবিধান সংস্কারের দাবি, উচ্চকক্ষের দাবি, নতুন বাংলাদেশের দাবি। আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি, সরকারি দল সংস্কারের শপথ নিতে সম্মত হবে।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ শুরু হয়েছে। এ সময় দেশে যদি ঐক্য না থাকে, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সরকারি দল একা দেশ পরিচালনা করতে পারবে না। ফলে জাতীয় ঐক্য প্রয়োজন। সারা দেশে আমাদের মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন জায়গায় শিশু হত্যা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে। আমরা উপযুক্ত বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি থেকেই বাংলাদেশে স্বৈরাচার ও স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল। আমরা চাই এবার বাংলাদেশে বিচার নিশ্চিত করা হবে। যেসব জায়গায় মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
নাহিদ আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করব আগামীকাল থেকে সংসদ কার্যকর হবে। বিরোধী দলকে কথা বলতে দেওয়া হবে। যেসব কমিটমেন্ট গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আগে করা হয়েছে, সেসব কমিটমেন্ট সরকারি দল ও বিরোধী দল সবাই মেনে চলবে।