আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির

পরাজিত ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক নেতার পরিচালিত ভুঁইফোঁড় অনলাইন পোর্টাল ‘আজকের কণ্ঠ’-এর মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের জেরে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম ছাত্রনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশ্যপ্রণোদিত অনুসন্ধানের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে এনসিপি।
এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যে রচিত প্রোপাগান্ডাকে ভিত্তি করে দুদকের মতো একটি রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করা প্রমাণ করে যে, সরকার অত্যন্ত স্পষ্টভাবে দুদককে দলীয়করণ করেছে। গণ-অভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দমিয়ে রাখার জন্য দুদককে আবারও সেই পুরোনো ফ্যাসিবাদের আমলের মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুনরুজ্জীবিত করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ক্যাডারদের তথ্যসূত্রহীন কাল্পনিক সংবাদের ওপর ভর করে যে কমিশন তদন্তের নাটক সাজায়, সেই কমিশনের কোনো ন্যূনতম নিরপেক্ষতা বা নৈতিক ভিত্তি থাকতে পারে না। মূলত গণ-অভ্যুত্থানের রূপকারদের রাজনৈতিকভাবে হেনস্তা করা এবং ফ্যাসিবাদের পেছনের পথ প্রস্তুত করতেই এই সাজানো অপতৎপরতা শুরু করা হয়েছে। এনসিপি স্পষ্ট ভাষায় জানাতে চায়—সত্যিকারের স্বাধীন, নিরপেক্ষ ও জুলাই সনদের ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যে কোনো ধরনের অভিযোগের মুখোমুখি হতে বা সুষ্ঠু তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
বিবৃতিতে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নিরপেক্ষ তদন্তের নামে অসাংবিধানিক ও দলীয়করণের শিকার এই কমিশনকে বিরোধী দল ও জুলাই গণ-অভ্যুত্থানের সংগ্রামীদের দমনের হাতিয়ার বানানো হয়, তবে এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না।
এনসিপি নেতৃবৃন্দ সরকারকে পতিত ফ্যাসিবাদীদের পদচিহ্ন অনুসরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল বন্ধ করে জুলাই সনদের স্পিরিট অনুযায়ী স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠনের দাবি জানান। অন্যথায়, ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার ও সরকারি নীল নকশার বিরুদ্ধে দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।


