Advertisement

ছাত্র জমিয়তের নতুন কর্মসূচি ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
ছাত্র জমিয়তের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্র জমিয়ত বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থান-২৪ স্মরণে আগামী ৭ আগস্ট (শুক্রবার) ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা করবে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ওই দিন জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ পদযাত্রা শুরু হবে।

রোববার (২ আগস্ট) ছাত্র জমিয়ত মিডিয়া সেলের সদস্য মো. নাবিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ-অভ্যুত্থান-২৪-এর চেতনা সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমতকে আরও সুসংহত করার লক্ষ্যে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

সংগঠনের সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সেই প্রত্যাশা থেকেই শান্তিপূর্ণ ফ্যাসিবাদবিরোধী পদযাত্রার আয়োজন করেছি।

কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।