logo

ইশতেহার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ইশতেহার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ফ্রেবুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দেশের জনগণের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে আমরা আপনাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিরোধী দল হিসেবে সেসব কথা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দেশবাসী আপনারা আমাদের পাশে ছিলেন, আমরাও ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ্।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। কিন্তু ভোট গ্রহণের পরের অধ্যায়টা ছিল অস্পষ্ট। সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে, এ ব্যাপারে আমরা কনসার্ন ব্যক্ত করেছি। সেগুলোকে আমরা একদিকে রেখেছি। সবকিছু রেখেও জনরায়কে সম্মান জানিয়ে আল্লাহর ওপর ভরসা করে এই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংসদে নিজের ভূমিকা কী হবে—তা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ। প্রত্যেকটি ন্যায়সঙ্গত ব্যাপারে আমাদের সহযোগিত ও সমর্থন থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। পবিত্র কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, আমরা সরকারি দল নাকি বিরোধী দল, সেটা বিবেচ্য বিষয় নয়। বরং একেকজন নির্বাচিত সংসদ সদস্য কতটুকু দায়িত্বশীলতা, নিষ্ঠার সঙ্গে জাতির সেবায় আত্মনিয়োগ করলেন সেটাই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিকল হয়ে পড়া অঙ্গগুলো সচল করতে অবশ্যই সরকারি দলের দায়িত্ব বেশি, তাদেরকে মূল ভূমিকা রাখতে হবে।

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের সঙ্গে থাকার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণই হবে আমাদের মূল দায়িত্ব।  সজাগ দৃষ্টি রেখে জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব।