logo

বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে রোববার (৭ জুন) আসর নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (৫ জুন) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার নির্বাহী সদস্যদের এক জরুরি পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে জনগণকে সুবিধা দেওয়ার কথা বলা হলেও, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তার মতে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার জন্য উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি।

অবিলম্বে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্য হ্রাস এবং সীমান্তে পুশইনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান জালালুদ্দীন আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশেদুল আলম সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, যুবনেতা আল আবিদ শাকের এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ প্রমুখ।