logo

এনসিপির ৫ নেতাকে অব্যাহতি, দুজনকে শোকজ

এনসিপির ৫ নেতাকে অব্যাহতি, দুজনকে শোকজ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই কমিটির দুই নেতাকে শোকজ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির সাময়িক অব্যাহতি দেওয়া পাঁচজন হলেন—যুগ্ম আহ্বায়ক জুলকার নাঈন, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আশুলিয়া থানা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাওন এবং সদস্য মো. আমানুল্লাহ (শিব্বির)।

অন্যদিকে একই কমিটির শোকজপ্রাপ্ত দুই নেতা হলেন—সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম তামিম এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম।

পাঁচ নেতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে তাদের সাংগঠনিক সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

দুই নেতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে, যা ইতোমধ্যে দলের দৃষ্টিগোচর হয়েছে। সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা ও কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে উক্ত অভিযোগটি গুরুত্বসহকারে পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় উক্ত অভিযোগের বিষয়ে নিজস্ব অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার লক্ষ্যে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।