জামায়াতের মজলিসে শুরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে ছয় প্রস্তাব গ্রহণ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (২৮ নভেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলটির নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিদ্যমান সংকট উত্তরণ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার লক্ষ্যে শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ছয় প্রস্তাব গৃহীত হয়েছে।
গৃহীত ছয় প্রস্তাব হলো-
১. অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন
সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং গণভোটে সংবিধান সংস্কারে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট প্রদান একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মৌলিক রূপরেখা। কিন্তু গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে বিরোধী দলের মতামত পাশ কাটিয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি রাষ্ট্রের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অশনিসংকেত।
এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় মজলিসে শুরা দুটি প্রস্তাব করছে। প্রস্তাব দুটি হলো-
- গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে।
- চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে।
২. ভেঙে পড়া স্বাস্থ্যসেবা খাত সংস্কার ও নাগরিকদের সেবা নিশ্চিত
চলতি বছরে স্বাস্থ্যসেবা খাতের বিপর্যয়ে হাম ও ডেঙ্গুতে শিশু থেকে বয়স্ক অনেকেই প্রাণ হারিয়েছেন। গত মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ৫২৬ জনের। এতে অসংখ্য পরিবার সন্তানহারা হয়েছে। বিশ্বে ডেঙ্গুর টিকা আবিষ্কৃত হলেও তা আমদানি কিংবা রাষ্ট্রীয় উদ্যোগে টিকা উৎপাদন ও প্রদানের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, যা উদ্বেগজনক।
এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় মজলিসে শুরা তিনটি প্রস্তাব করছে। প্রস্তাব তিনটি হলো-
- নিয়ন্ত্রণযোগ্য হামের বিস্তার রোধ ও প্রতিরোধে সরকারকে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
- প্রান্তিক পর্যায়েও হামের টিকাদান নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে।
- নিয়মিত গবেষণা এবং আক্রান্তদের অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
৩. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণ
সরকারের অপরিকল্পিত ও অপরিণামদর্শী সিদ্ধান্তে জ্বালানি ও ভোজ্যতেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। ফলে প্রান্তিক ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে এবং নাগরিকদের ভোগান্তি বেড়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে মজলিসে শুরার দেওয়া পাঁচটি প্রস্তাব হলো-
- নাগরিকদের ক্রয়ক্ষমতা বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট ও মাফিয়া চক্র ভাঙতে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি জোরদার করতে হবে।
- ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা বাড়াতে হবে।
- উৎপাদন খাত সচল ও সাশ্রয়ী রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে উৎপাদক থেকে ভোক্তা- কেউ ভোগান্তিতে না পড়েন।
- আসন্ন পবিত্র রমজানকে লক্ষ্য করে অসাধু ব্যসায়ীরা যাতে পণ্যমূল্য বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
- পোশাক শিল্পখাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিক অসন্তোষ রোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
৪. জুলাই গণহত্যা ও শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি-দখলবাজি ও হত্যাকাণ্ড বন্ধ এবং পতিত ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস নির্মূল
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশব্যাপী হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পতিত ফ্যাসিবাদী শক্তি অগ্নিসন্ত্রাস ও নাশকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। এ ছাড়া সীমান্তে পুশইনের চেষ্টা এবং বিএসএফ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করছে।
এ প্রেক্ষাপটে মজলিসে শুরার প্রস্তাবগুলো হলো-
- অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
- পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে সম্পন্ন করে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
- আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারি, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়াতে হবে। নিম্ন ও উচ্চ আদালতের বিচারব্যবস্থা নিরপেক্ষ, দ্রুত, কার্যকর ও সময়োপযোগী করতে হবে।
- নারী নির্যাতন ও ধর্ষণ রোধে আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
- সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও অবৈধ পুশইন ঠেকাতে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে।
- গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এ অবস্থায় ভারতের পানি আগ্রাসন রোধে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
- আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর, জুলাইযোদ্ধা ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মাধ্যমে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণমুক্ত সুশাসন নিশ্চিতকরণ
সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাব বন্ধ করা জরুরি। এর মাধ্যমেই জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
এ লক্ষ্যে কেন্দ্রীয় মজলিসে শুরা তিনটি প্রস্তাব করছে। প্রস্তাব তিনটি হলো-
- প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করতে হবে।
- রাষ্ট্রের সব পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও কর্মদক্ষতাকে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
- নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনআস্থা নিশ্চিত করতে শক্তিশালী, স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে।
৬. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধের আহ্বান
বিশ্বজুড়ে চলমান সংঘাত ও অস্থিরতায় মুসলিমরা বিভিন্ন দেশে হামলা, হত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা অব্যাহত রয়েছে। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ২০ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন এখনx অনিশ্চিত।
এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় মজলিসে শুরা তিনটি প্রস্তাব করছে। যেমন-
- মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব জোরদার এবং নির্যাতিতদের পক্ষে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
- ওআইসি, আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে।
- ইরান ও ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
প্রস্তাবগুলো বাস্তবায়নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।


