logo

সিটি করপোরেশনে প্রশাসক পদে দলীয় নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

সিটি করপোরেশনে প্রশাসক পদে দলীয় নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

দেশের বড় ছয় সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সিটি করপোরেশনের মেয়ররা পালিয়ে গেলে সিটি করপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবি করেছিলাম, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায়নি। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিটি করপোরেশনগুলোতে দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরূপ প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।

আতাউর রহমান বলেন, যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদের রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেওয়া হবে?

এ সময় জোর দাবি জানিয়ে তিনি বলেন, ছয়টি সিটি করপোরেশনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেওয়া যায় না।

বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। যারা এই পদগুলোতে নিয়োগ পেয়েছেন, তারা সবাই বিএনপির নেতা।