logo

যাদের জনসম্পৃক্ততা নেই, তারা কীভাবে নিশ্চিত জয়ের কথা বলছে

যাদের জনসম্পৃক্ততা নেই, তারা কীভাবে নিশ্চিত জয়ের কথা বলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১৯৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করব। 

তিনি আরও বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনো বলতে পারব না আমি নিশ্চিত জয়ী হব। অথচ যারা কখনো নির্বাচন করেনি, জনসম্পৃক্ততা নেই, নিজ এলাকায় পরিচিত না, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিল না, তারা কী করে বলে নিশ্চিত জিতবে!

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এরপর বিকালে তিনি শাহজাহানপুর ইনকাম ট্যাক্স কলোনি ও এর আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস বলেন, যারা কখনোই জয়ী হওয়ার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।

নারী সমাজকে নিয়ে জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। উনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালি উনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজনই অন্য দল থেকে জামায়াতে এসেছেন। ওনারা জামায়াতে এসে ভাবসাব এমন যে এমন কিছু না বললে মানুষ কী করে বুঝবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার মতো সাহস পায়।

স্থায়ী কমিটির সদস্য বলেন, যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায়, আমি জানতাম না।