জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা : রিজভী

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্রশিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জামায়াত ও ছাত্রশিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।
তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী।
বিএনপির এই নেতা বলেন, জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।
রিজভী আশা প্রকাশ করেন, একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।