logo

‌‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ?’

‌‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ?’

সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

তবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে কোনো প্রমাণ না পাওয়া জায়নি এবং এই নিষেধাজ্ঞাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মো. মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘নতুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে ব্যবহার করে আজকে আবার নিষেধাজ্ঞা দিল।’

সোমবার (৩০ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে মোয়াজ্জেম লেখেন, ‘আমার বিরুদ্ধে উঠা অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে বিন্দুমাত্র প্রমাণ না পাওয়ায় আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো । আদালত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সাথে কয়েকজনের রিপোর্ট ছিল। গতকাল আসিফ মাহমুদ সিটি কর্পোরেশন নির্বাচন করার ঘোষণা দিয়েছে। নতুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে ব্যবহার করে আজকে আবার নিষেধাজ্ঞা দিল। ভয়টা কাকে? আমি নাকি আসিফ? তোমাদের ভয় নেই।’

মোয়াজ্জেম আরও বলেন, ‘আমার দেশ ছেড়ে যাওয়ার প্রয়োজনীয়তা, ইচ্ছে কোনোটাই নেই। যত পারো অত্যাচার করতে থাকো । নিশ্চয়ই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট।’

এর আগে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার দেশত্যােগে নিষেধাজ্ঞার আদেশ দেন। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, মোয়াজ্জেম হোসেন দায়িত্বে থাকাকালীন তদবির-বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলছে।

অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় বিদেশ যেতে পারেন। সে জন্য অনুসন্ধান কাজ শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রা রোধ করা বিশেষ প্রয়োজন বলেও আবেদনে জানান।