logo

আল-আকসা মসজিদ খুলে দেওয়ার আহ্বান জমিয়তের

আল-আকসা মসজিদ খুলে দেওয়ার আহ্বান জমিয়তের

চল্লিশ দিন ধরে মুসলিমদের পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। এ অবস্থায় আল-আকসা খুলে দিয়ে সেখানে মুসলিমদের প্রবেশাধিকার পুনর্বহাল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। 

মঙ্গলবার (৭ এপ্রিল) যৌথ এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা। 

বিবৃতিতে তারা বলেন, আল-আকসা সম্পূর্ণ অবরুদ্ধ থাকার ঘটনা মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এটি মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থি। 

তারা বলেন, ইসরায়েলি কারাগারে বন্দি প্রায় ১১ হাজার ফিলিস্তিনির বিরুদ্ধে গণহারে ফাঁসির আইন পাসের খবর মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রকাশ করে।

আল-আকসা বন্ধ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহারে ফাঁসির আইনের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, অবিলম্বে আল-আকসায় প্রবেশাধিকার পুনর্বহাল, নিরপরাধ বন্দিদের মুক্তি এবং সব ধরনের দমন-পীড়ন বন্ধ করতে হবে।

 

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং নিরীহ মানুষের জীবন রক্ষা পায়। 

মানবতা, ন্যায়বিচার এবং শান্তির স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া জরুরি বলে মনে করেন তারা।