logo

সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক 

সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক 

বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। 

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইডিবি) ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য এর আয়োজন করে। 

সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসন ছিল এ দেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন-তখন যেভাবে ইচ্ছা অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল, নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা—উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রোরেল আর পদ্মা সেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন।

শেখ হাসিনা চার কোটি ছাত্র-জনতাকে রাজাকারের নাতিপুতি বলে নিজের পতনের কফিনে শেষ পেরেক মেরেছিলেন বলে মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, এটিও ছিল জনগণকে অপমান করার এক বীভৎস দৃষ্টান্ত। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ‌উদ্দিন আহমদকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে—বলছেন সালাহউদ্দিন আহমদ। দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করে তিনি মাস্টার সাজেন! মাস্টার সেজে এ দেশের জনগণ ও জনগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত।

জনগণের শক্তিকে ক্ষুদ্র করে না দেখার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে, তারা ক্ষমতায় বসে জনগণকে ইঁদুর আর নিজেদের সিংহ ভাবছে। জনগণকে সম্মান করতে শিখুন। বাংলাদেশে এবার চতুর্থ গণভোট। বাংলাদেশে তো নয়‌ই, বিশ্ব ইতিহাসে গণভোটের রায়কে উপেক্ষা করার নজির নেই। এই নতুন নজির স্থাপন করে নিজেদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবেন না। 

বিএনপি কথা না শুনলে রাজপথে মোকাবিলা করা হবে জানিয়ে মামুনুল হক বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিএনপির প্রতি এটা আমাদের সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের কিছু বলতে হয়, তাহলে আন্দোলনের মাঠে কথা হবে। রাজপথে আমরা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।