এ ঘটনা প্রমাণ করে জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

এশিয়া পোস্ট ডেস্ক
এ ঘটনা প্রমাণ করে জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় মঙ্গলবার (২৩ জুন) সকালে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা, লাঞ্ছনা ও তাদের আহত করার ঘটনা ঘটেছে। এ নিয়ে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

Advertisement

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দেওয়া এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে, ধানমন্ডিতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করে ও জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, এই হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ আরও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

তারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও হামলা ও লাঞ্ছনার মুখে পড়েন।

বিবৃতিতে তারা বলেন, ‘বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনা প্রমাণ করে যে, তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।’

‘গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যে কোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থি’ বলেও উল্লেখ করেন তারা।

ছাত্রদল নেতারা বলেন, ‘পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে, এই স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনও বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না। একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। অতীতেও ছাত্রদল মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।

ছাত্রদলের নেতারা ধানমন্ডি-৩২ এলাকায় উপস্থিত সব গণমাধ্যমকর্মীর ওপর হামলার সঙ্গে জড়িত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে আহত সব গণমাধ্যমকর্মীর আশু সুস্থতা কামনা, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।