logo
ইসলামী ছাত্র আন্দোলন

ডুয়েট অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা

ডুয়েট অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি নিয়োগ কেন্দ্র করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার যে কোনো অপতৎপরতা শিক্ষার্থীরা রুখে দেবে বলে জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

রোববার (১৭ মে) সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, ডুয়েটের একাডেমিক পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে শক্তি প্রয়োগ বা বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সংকটকে আরও জটিল করে তুলছে।

তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে দমনপীড়ন, ভয়ভীতি কিংবা বল প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক মর্যাদা ও শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির দাবি, সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতেই চলমান পরিস্থিতির গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

ডুয়েটকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রমূলক বা সহিংস পথ অবলম্বন করলে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের প্রতিরোধে কোনো ধরনের আপস করা হবে না।

ডুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়ে তারা বলেন, দোষীদের বিচার নিশ্চিত না হলে ক্যাম্পাসে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে না।