logo

সরকার গঠনের পর ইউটার্ন নিয়েছে বিএনপি: জামায়াত 

সরকার গঠনের পর ইউটার্ন নিয়েছে বিএনপি: জামায়াত 

সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ইউটার্ন নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

হামিদুর রহমান বলেন, বিএনপি নির্বাচনি জনসভায় গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছে। অথচ, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তারা সরকার গঠনের পর ইউটার্ন নিয়েছে। 

তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ যেখানে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি জনগণকে অপমান করেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি, যা নিয়ে জোটের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

হামিদুর রহমান আরও বলেন, সরকার যদি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার ব্যবস্থা না নেয়, তাহলে বিরোধী দলগুলো রাজপথে নামতে বাধ্য হবে। এ বিষয়ে শিগগিরই জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

তিনি জানান, আগামী ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হতে পারে।

জামায়াতের এই নেতা বলেন, জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। জনগণের রায়ে এটি আইনি স্বীকৃতি পেয়েছে, তাই সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে।