ওরা আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেন, একজন প্রার্থী ও তার সমর্থকরা সারাদিন আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী (নাসীরুদ্দীন পাটওয়ারী) আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন।
তিনি বলেন, অতীতে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করিনি। আবারও বলছি ওরা বাচ্চা ছেলে। আমার সন্তানের মতো। আমি আশা করব তারা নির্বাচনে আইন মেনে কাউকে ব্যক্তিগত আঘাত করে যাতে কথা না বলে।
নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।
তিনি বলেন, আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে ১২ ফেব্রুয়ারি তার প্রতিফলন ঘটবে।